স্টাফ রিপোর্টার | ২২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
কুয়ালালামপুর: মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।
স্থানীয় সময় দুপুর দেড়টায় পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার শিল্পীরা পরিবেশনা করেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। দুই প্রধানমন্ত্রী ও তাঁদের সহধর্মিণীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান ভবন থেকে বের হলে প্রবেশপথের দুই পাশে অবস্থান নেওয়া মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা হাতে তাঁদের স্বাগত জানায়। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্নেহ প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রীর বাসভবনের মূল ফটকে এসে আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে আন্তরিক বিদায় জানান।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলে ফিরে যান। সেখানে তাঁর নির্ধারিত আরও কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
মালয়েশিয়া সফরের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।





