স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
আজ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না।
আমিনুল ইসলাম বলেন, এই ট্রাইব্যুনালকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত রাখা হবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, আইন অনুযায়ী ট্রাইব্যুনাল পরিচালনা, বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিলের পর গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।





