স্টাফ রিপোর্টার, ০৭ মার্চ ২০২৬| নিউজ চ্যানেল বিডি
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
আগামী ৮ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব প্রদান এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
প্রতি বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কার প্রদান করা হবে।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হবে।





