আন্তর্জাতিক নারী দিবসে নারী অধিকার, ন্যায়বিচার ও কার্যকর উদ্যোগের আহ্বান

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের নারীসহ বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এক বার্তায়। বার্তায় বলা হয়, নারীর অধিকার, ন্যায়বিচার ও বাস্তব উদ্যোগ নিশ্চিত না হলে নারীর প্রকৃত অগ্রগতি সম্ভব নয়।

এ বছরের প্রতিপাদ্য ‘Rights. Justice. Action. For ALL Women and Girls’ উল্লেখ করে বলা হয়, নারীর অগ্রগতি শুধু কথার মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে নিশ্চিত করতে হবে। অধিকারকে কার্যকরভাবে সুরক্ষিত করতে হবে, ন্যায়বিচারকে মানুষের দৈনন্দিন জীবনে দৃশ্যমান করতে হবে এবং উদ্যোগের মাধ্যমে নারী ও কন্যাশিশুর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

বার্তায় বলা হয়, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, শিক্ষা, কৃষি, শিল্প, সরকারি সেবা ও নেতৃত্বসহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত না হলে কোনো দেশের ভারসাম্যপূর্ণ ও টেকসই উন্নয়ন সম্ভব নয়।

এ প্রেক্ষাপটে ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলা হয়, পরিবারপ্রধান মা বা নারীর নামে এই কার্ড প্রদান করার মাধ্যমে পরিবারে নারীর ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের অসংখ্য পরিবারে নারীরাই কঠিন সময়ে পরিবারকে টিকিয়ে রাখেন এবং সন্তান ও বয়োজ্যেষ্ঠদের যত্ন নেন।

বার্তায় আরও বলা হয়, অর্থনৈতিকভাবে সংকটে থাকা নারীদের জন্য সরাসরি সহায়তা আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারে। একই সঙ্গে এটি দরিদ্র পরিবারের স্থিতিশীলতা বৃদ্ধি, শিশুদের পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায়ও সহায়ক ভূমিকা রাখতে পারে।

এতে বলা হয়, নারীর ক্ষমতায়ন কেবল প্রতিনিধিত্বের বিষয় নয়, এটি মানবিক মর্যাদা, সামাজিক ভারসাম্য এবং জাতীয় উন্নয়নের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একজন শক্তিশালী নারী মানে একটি শক্তিশালী পরিবার, আর শক্তিশালী পরিবার মানেই শক্তিশালী সমাজ ও দেশ।

আন্তর্জাতিক নারী দিবসে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে, যেখানে প্রতিটি নারী নিরাপত্তা, মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারবেন।