‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পেলেন ১৫ বিশিষ্ট ব্যক্তি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনীতি, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা ও ব্যবসা অঙ্গনের গুণীজনদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার | ৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ ১৫ জন সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন— বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন; বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ; ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী; বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল; সাহিত্যিক ড. মাহবুব হাসান; কবি আবদুল হাই শিকদার; সাংবাদিক আশরাফ কায়সার; শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার; ব্যবসায়ী আবদুল হক এবং ফাতেমা বেগম।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র স্মরণে এই পুরস্কার চালু করেছে।

প্রতিবছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এ পুরস্কারে সম্মানিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।