দেশের আলেমরা শুধু মসজিদের নয়, জাতিরও নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “মানুষের সামনে বিভিন্ন ধর্ম-মত আছে। আল্লাহ মানুষকে বিবেকে শানিত শক্তি দিয়েছেন। মানুষ তার বিবেচনা ও বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণ করবেন। কিন্তু জাতি সংকটে পড়লে আলেম বা শিক্ষিত ব্যক্তিদের পথ দেখাতে হয়। তারা হবেন জাতির রাহবার।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে, বাংলাদেশ তাদের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে। জামায়াতে ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয়; বরং আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।”
শিক্ষিত সমাজের দায়িত্বের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “শিক্ষিত সমাজের একটি অংশ যে ক্ষতি জাতির করে, কোটি সাধারণ মানুষ মিলেও তা করতে পারে না। কলমের খোঁচায় একজন মানুষের ভাগ্য যেমন ধসে পড়ে, তেমনি জাতিরও ক্ষতি হয়। এ ক্ষেত্রে ওলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করার ও সতর্ক করার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। আরও বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়ের।





