স্টাফ রিপোর্টার, ৭ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়াদি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান -এর সঙ্গে বৈঠক করেছে -এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন । প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির রাজনৈতিক ভাবনা, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং বাংলাদেশের শ্রমিকদের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। এ বিষয়ে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ।
নজরুল ইসলাম খান বলেন, ইইউ প্রতিনিধিদল জানতে চেয়েছে আসন্ন নির্বাচন কেমন হতে পারে এবং এতে বিএনপির ভূমিকা কী হবে। জবাবে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, নির্ধারিত সময়েই দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই বিএনপির দাবি। নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়, সে বিষয়ে দলের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ অধীর আগ্রহে একটি শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে, যেখানে তারা তাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারবে। বিএনপি সেই নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
ইইউকে ধন্যবাদ ও সহযোগিতার প্রত্যাশা
নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার জন্য তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইইউ যেন আরও বেশি সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায়, যাতে জনগণ সরাসরি উপকৃত হয়। ইইউ প্রতিনিধিরাও আশ্বাস দিয়েছেন, আগামী দিনে তারা আরও বড় পরিসরে সহযোগিতা বাড়াবেন।
শ্রমিক অধিকার প্রসঙ্গে আলোচনা
বৈঠকে শ্রমিক অধিকারের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন যে, শ্রমিক কল্যাণে বিএনপি সরকারই অতীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেগম খালেদা জিয়ার আমলে লেবার কোর্ট সংশোধন, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠনসহ শ্রমিকদের স্বার্থে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রম আইন সংশোধন ও শ্রমিক কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো শুধু সংরক্ষণ নয়, আরও এগিয়ে নেওয়ার ব্যাপারেও বিএনপি আগ্রহী।
নির্বাচন ও শান্তির অঙ্গীকার
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপিই চায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং দেশে শান্তি বজায় থাকুক। তিনি স্মরণ করিয়ে দেন, বিদেশ থেকে ফিরে প্রথম সমাবেশেই তারেক রহমান সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারণ করেছেন তা হলো—শান্তি ও সমঝোতা।
তিনি আরও বলেন, বিগত কয়েকটি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠায়নি। কিন্তু এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে—এই প্রত্যাশা থেকেই তারা বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এর মাধ্যমে ইইউর সমর্থনই প্রকাশ পেয়েছে এবং নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাকে তারা আরও কার্যকর সহযোগিতা করবে বলে বিএনপি মনে করে।
নির্বাচনের পরিবেশ নিয়ে মন্তব্য
নির্বাচনের বর্তমান পরিবেশ সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনের পরিবেশ এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে।” তিনি যোগ করেন, এটি বাংলাদেশের নিজস্ব নির্বাচন, এ বিষয়ে বিদেশিদের মন্তব্য নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখানোর প্রয়োজন নেই।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম বিএনপির দলীয় কার্যালয়ে কোনো বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান।





