ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ অভিবাসন ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহ দুই দেশের

স্টাফ রিপোর্টার | ২১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির সঙ্গে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে।

তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এজন্য বাংলাদেশ ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করতে চায়।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী। তিনি জানান, দেশটির সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, আগামী জুন থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এতে নিরাপদ অভিবাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, শ্রমবাজার এবং দক্ষ জনশক্তি প্রেরণ বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।

এ সময় রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের অভিনন্দন বার্তা মন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে দেশটি সফর করবেন বলে জানান।

বৈঠকে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইতালি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।