স্টাফ রিপোর্টার | ২২ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ইথিওপিয়া বাংলাদেশি কোম্পানিগুলোকে তাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে। দেশটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং শিল্প উৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছে।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, আদ্দিস আবাবায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন তিমোথিওস-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে গেডিয়ন তিমোথিওস ইথিওপিয়ার চলমান অর্থনৈতিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং চিকিৎসা সরঞ্জাম উৎপাদনসহ বৃহত্তর শিল্পখাতকে অগ্রাধিকার বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন।
তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের এসব খাতে সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে, ড. খলিলুর রহমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। তারা গভীরতর অর্থনৈতিক সম্পৃক্ততা এবং খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় উন্নীত করার বিষয়ে সম্মত হন।





