স্টাফ রিপোর্টার | ৩ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মরদেহ শনিবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক কোটি মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরানের ত্রিবর্ণ পতাকায় মোড়ানো খামেনির কফিন শোকাহত মানুষ কাঁধে করে গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে নিয়ে যান। অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে পুরো কমপ্লেক্স ফুল, ব্যানার ও শোকসজ্জায় সাজানো হয়েছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দেশবাসীকে ব্যাপকভাবে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি ইরানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং জাতির প্রতিশোধের আহ্বান বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে হবে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বন্ধে একটি প্রাথমিক চুক্তির পর কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হচ্ছে।
পাকিস্তান জানিয়েছে, শেহবাজ শরিফ অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া চীন, আফগানিস্তান, ককেশাস অঞ্চলের দেশসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।
কর্তৃপক্ষের ধারণা, অন্ত্যেষ্টিক্রিয়ায় দেড় কোটি থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে এটি হবে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া।
অনুষ্ঠান উপলক্ষে তেহরান, কোম ও মাশহাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই সঙ্গে যান চলাচলে বিধিনিষেধ এবং আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তেহরানে রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। এরপর ৯ জুলাই ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের ইমাম রেজার মাজার-এ তাঁকে দাফন করা হবে।





