স্টাফ রিপোর্টার, ০৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও ইরান কখনোই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুদের “ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণের আশা নিয়ে তাদের কবরেই যেতে হবে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটে।
খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে।
খামেনি নিহত হওয়ার পর যে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে, পেজেশকিয়ান সেই পরিষদের তিন সদস্যের একজন।
ভাষণে তিনি প্রতিবেশী দেশগুলোর উদ্দেশ্যে বলেন, অঞ্চলজুড়ে ইরানের হামলার কারণে যে উদ্বেগ তৈরি হয়েছে সে জন্য তারা দুঃখিত।
পেজেশকিয়ান বলেন, “যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং ইরানের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাই।”
তিনি আরও জানান, অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালানো হবে না। তবে সেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যদি ইরানের ওপর হামলা চালানো হয়, সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হবে।
তিনি বলেন, “প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না এলে সেসব দেশে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না।”





