ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি:
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় নতুন প্রতীক হিসেবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। তবে এই প্রতীক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যারা আগে থেকেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল।
এর আগে এনসিপি একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করে এবং চিঠি দিয়ে জানায়, ‘শাপলা’ প্রতীক না দিলে তারা নিবন্ধন নেবে না। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত প্রতীকের তালিকায় ইসি ‘শাপলা কলি’কে নতুন প্রতীক হিসেবে যুক্ত করে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ইলেকশন কমিশন মনে করেছে, ‘শাপলা কলি’ রাখা যেতে পারে। এটা কারও দাবির সঙ্গে প্রাসঙ্গিক নয়।”
তিনি আরও জানান, “তালিকার কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য আসায় সেগুলো বাদ দিয়ে নতুন প্রতীক যোগ করা হয়েছে। এর মধ্যে শাপলা কলিও রয়েছে। আগের ১১৫টি প্রতীক থেকে ১৬টি বাদ দিয়ে নতুন প্রতীক যুক্ত করার পর তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে ১১৯।”
এনসিপির ক্ষোভ
ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন,
“কোনো আইনি কারণ ছাড়াই আমাদেরকে ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে, আমরা বাচ্চাদের দল।”
তিনি অভিযোগ করেন, “বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে না। এটাও এক ধরনের বৈষম্য।”
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুবশক্তির আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“কমিশন কীসের ভিত্তিতে ‘শাপলা কলি’ প্রতীক নির্ধারণ করেছে, তা আমাদের বোধগম্য নয়। শাপলা প্রশ্নে আমরা আপসহীন।”
তিনি আরও বলেন, “কমিশনে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রকৃতপক্ষে ‘নোট অব চিটিং’। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষি করছে — এটা এক ধরনের ভণ্ডামি।”
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন,
“এনসিপি ‘শাপলা’ প্রতীক চেয়েছিল, কিন্তু ‘শাপলা’ আর ‘শাপলা কলি’—দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা ব্যাখার অবকাশ রাখে না।”
তিনি যোগ করেন, “কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তাই প্রয়োজন মনে করে প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে।”





