স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উপলক্ষে মানুষের ঘরে ফেরার এই সময়ে এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। তাই এবারের ঈদযাত্রা ঘরমুখো মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ঈদকে ঘিরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়ছেন। এত মানুষের যাত্রা স্বস্তিদায়ক করা একটি বড় চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যে প্রস্তুতি নিয়েছি, তাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে স্বজনদের কাছে পৌঁছাতে পারবেন।”
তিনি জানান, ঈদযাত্রায় সম্ভাব্য যানজট এড়াতে মহাসড়কে ২০৭টি গুরুত্বপূর্ণ স্পটসহ প্রতিটি হাইওয়ে ও সেতুতে বিশেষ মনিটরিং করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
মন্ত্রী বলেন, “কয়েকটি জায়গায় গাড়ির গতি ধীর হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। আশা করছি ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ এবং মানুষ আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারবে।”
গোমা সেতু প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ২৮৩ মিটার দীর্ঘ এই সেতুটি এ অঞ্চলের মানুষের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে কাজ করছে। অবকাঠামো উন্নয়ন ছাড়া একটি জাতির সমৃদ্ধি সম্ভব নয়।
নৌপথ উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিং করে সচল রাখা হচ্ছে। এছাড়া প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথে খনন কাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা সদরঘাট থেকে বরিশাল নদীবন্দর পর্যন্ত নির্বিঘ্নে জাহাজ চলাচলের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর গোমা সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। বিভিন্ন জটিলতার কারণে নির্মাণকাজ বিলম্বিত হলেও শেষ পর্যন্ত প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ সম্পন্ন হয়।
সেতুটি উদ্বোধনের পরপরই যানবাহন চলাচল শুরু হয়। রোজা রেখেও শত শত মানুষ সেতুটি দেখতে ভিড় করেন। ঈদের আগে সেতু চালু হওয়ায় স্থানীয়রা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোমা সেতু উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





