ঈদুল আজহায় দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পশুর হাটে সিসিটিভি, জালনোট শনাক্তে ব্যাংক বুথ, চাঁদাবাজি রোধে বডি ক্যামেরা ব্যবহারের ঘোষণা

স্টাফ রিপোর্টার | ১২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মন্ত্রী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয় এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘আসন্ন ঈদ-উল-আজহা ২০২৬ এর প্রাক্কালে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও কোরবানির পশুর হাটের নিরাপত্তা’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহার আগে ও পরে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল ঈদের আগের সাত দিন এবং পরের সাত দিন সার্বক্ষণিক কার্যকর থাকবে।

তিনি বলেন, র‌্যাব, পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ সকল গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে জনসাধারণের জন্য পুলিশ, ফায়ার সার্ভিস (১০২) এবং বিআইডব্লিউটিএ (১৬১১৩)-এর হটলাইন চালু থাকবে।

মন্ত্রী জানান, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট থাকবে। হাটগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। জালনোট শনাক্তে প্রতিটি হাটে ব্যাংকের বুথ ও মেশিন থাকবে। এছাড়া ইজারাদারদের চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতে ‘অঙ্গীভূত আনসার’ নিয়োজিত করা হবে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, কোরবানির চামড়ার গুণগত মান রক্ষায় দুই ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণের জন্য দেশব্যাপী প্রচারণা চালানো হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং মহাসড়কের গর্ত দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রী ও পশু পরিবহনে হয়রানি বন্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের গৃহীত এসব পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।