ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি ও সিটি কর্পোরেশনের কার্যক্রম তদারকি করছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার | ১৮ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও গুলশানে নিজের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কেও খোঁজ-খবর নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদের ছুটি শুরু হলেও প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সরকারি জরুরি কাজ সারছেন। পাশাপাশি কোথায় কী হচ্ছে সে বিষয়েও খোঁজখবর নিচ্ছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সারাদেশে খাল খনন কর্মসূচির অগ্রগতি যাচাই করছেন। কাজের গতি, সময়মতো সম্পন্ন হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলেও তদারকি করছেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন এবং কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন।

গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেছেন। কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন তিনি।

উল্লেখ্য, সরকারি ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়েছে, যা ২৩ মার্চ পর্যন্ত চলবে।