উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে নয়: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৫ :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সংস্কারের আইনি ভিত্তি প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তিনি স্পষ্ট করে জানান, এনসিপি কোনো জোটভিত্তিক রাজনীতিতে যাচ্ছে না, বরং নিজস্ব লক্ষ্য নিয়েই এগোচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সভায় জেলা-উপজেলার সমন্বয়ক কমিটি, যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

নাহিদ ইসলাম বলেন, “নিম্নকক্ষে আমরা পিআর চাই না, তবে উচ্চকক্ষে অংশগ্রহণমূলক সংসদ নিশ্চিত করতে পিআর ব্যবস্থা চাই। সেটি বাস্তবায়নের মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব।”

তিনি আশা প্রকাশ করেন, এনসিপি শিগগিরই নিবন্ধন পাবে এবং ‘শাপলা’ প্রতীক বরাদ্দ হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়াকে দলের একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য।