স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটোরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের উচ্চশিক্ষাকে উন্নত বিশ্বের আদলে সাজাতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ জরুরি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে হবে এবং গবেষণায় বিশেষ গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক মেধাস্বত্ব সূচকে বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে। উদ্ভাবন ও সৃজনশীল কাজ যাতে বিদেশে গিয়ে নিবন্ধিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মেধাস্বত্ব নিবন্ধনের প্রশাসনিক জটিলতা কমিয়ে উদ্ভাবকদের উৎসাহিত করার ওপর জোর দেন তিনি।
তিনি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধাস্বত্ব বিষয়ক প্রতিযোগিতা আয়োজন এবং শ্রেষ্ঠ উদ্ভাবকদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করার প্রস্তাব দেন।
‘ব্রেন ড্রেইন’ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের মেধাবীদের একটি বড় অংশ বিদেশে চলে যাচ্ছে। এ প্রবণতা রোধে ‘রিভার্স ব্রেন’ পলিসি গ্রহণের প্রয়োজন রয়েছে।
কারিকুলামের সীমাবদ্ধতা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তব কর্মক্ষেত্রে অপ্রাসঙ্গিক কোর্স চালু করা হচ্ছে। তাই শিক্ষাক্রমকে অবশ্যই বাজারমুখী করতে হবে এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করছে এবং গবেষণার জন্য বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর ভর্তি কার্যক্রমে অযথা সময় নষ্ট হচ্ছে। এ সমস্যা সমাধানে ইউজিসিকে একটি সমন্বিত ভর্তি ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এগুলোকে শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে দেখলে চলবে না; শিক্ষার মান নিশ্চিত করতে ইউজিসিকে আরও সক্রিয় হতে হবে।
তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও নৈতিক অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তনের কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের প্রফেসর ড. মহিদুস সামাদ খান এবং আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





