উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, বিরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি

সরকারি কলেজ মাঠে জনসভা ঘিরে উৎসবমুখর পরিবেশ

স্টাফ রিপোর্টার্স, ৬ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন। সফরকে কেন্দ্র করে দিনাজপুরের বিরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। সরকারি কলেজ মাঠে নির্ধারিত জনসভা ঘিরে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর ঐতিহাসিক এই মাঠে বড় রাজনৈতিক জনসভায় অংশ নেবেন তারেক রহমান। মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে বিভিন্ন কমিটি কাজ করছে। আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপন করা হয়েছে।

স্থানীয় নেতারা জানান, জনসভায় এলাকার বিভিন্ন সমস্যা, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও কৃষি সংশ্লিষ্ট দাবি তুলে ধরা হবে। একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি ও দলীয় কর্মসূচি নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, বিরামপুর সরকারি কলেজ মাঠে ১৯৭৯ সালে জনসভা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় বিরামপুরকে থানা হিসেবে ঘোষণা দেওয়া হয়। দীর্ঘদিন পর একই মাঠে আবারও বড় রাজনৈতিক সমাবেশকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।