উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প ও কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের

সিরাজগঞ্জ-পাবনায় শিল্প পার্ক, তাতশিল্প রপ্তানি ও মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, ৩১ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

সিরাজগঞ্জ ও পাবনাসহ উত্তরাঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর এখন দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সিরাজগঞ্জে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এ অঞ্চলে কৃষি ও ক্ষুদ্র শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এখন সময়ের দাবি। নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে লাখো যুবকের কাজের সুযোগ তৈরি করা হবে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, উত্তরাঞ্চল কৃষিনির্ভর এলাকা হওয়ায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় যুবক-তরুণ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ ও পাবনা তাতশিল্প, লুঙ্গি ও কাপড় উৎপাদনের জন্য পরিচিত। সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের পণ্য বিশ্ববাজারে রপ্তানি করা সম্ভব। আগামী দিনে তাতশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকারের সময় মেয়েদের শিক্ষাব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় আগামী দিনে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, দেশের প্রতিটি মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে গৃহিণীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী করে তোলা হবে।

সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।