উন্নয়ন ও জনগণের অধিকার নিশ্চিত করতে একসঙ্গে কাজের আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের

গেন্ডারিয়ায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য

স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণের নিরলস পরিশ্রমের ফলেই তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং যে মন্ত্রিত্ব পেয়েছেন তা ব্যক্তিগতভাবে তাকে নয়, বরং ঢাকা–৬ এলাকার জনগণকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মহান আল্লাহ তাআলার রহমত এবং জনগণের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে, যা মূলত ঢাকা–৬ এলাকার জনগণের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মান প্রদর্শন।

তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনে দলের রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করা হবে। ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ‘কৃষক কার্ড’ এবং পরে ‘হেলথ কার্ড’ চালু করে জনগণের কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমের আগে এ এলাকায় প্রায়ই মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এসব নিয়ন্ত্রণে এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা হয়েছে। গত জুলাইয়ের অভ্যুত্থান ছিল ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত পরিণতি। সেই সময় নিরীহ ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, ওই সরকারের নেতারা এখন দেশে নেই এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে।

ইশরাক হোসেন বলেন, তারা রাজনীতি করেন দেশ ও জনগণের কল্যাণের জন্য। নিম্নআয়ের মানুষের দারিদ্র্য কমিয়ে আনা এবং কেউ যেন অর্ধাহারে-অনাহারে না থাকে—এমন একটি বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আন্দোলনের একটি পর্ব শেষ হয়েছে, এখন উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যের শেষে তিনি নির্বাচনে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছেন, তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক ঢালী মামুনুর রশিদ অপু, হাফেজ ওয়াসেক বিল্লাহ, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটু, সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন শিপনসহ আরও অনেকে।