উসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত, ব্রেইন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

রিপিট সিটি স্ক্যানে ব্রেইনে ইসকেমিয়া ও রক্ত জমাটের প্রমাণ, লাইফ সাপোর্টে চিকিৎসা চলছে

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক এবং পূর্বের মতোই অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট প্রদান করেছে।
মেডিকেল বোর্ড জানায়, উসমান হাদির ব্রেইনে গুরুতর ইনজুরির কারণে পূর্বে অপারেশন করা হয়েছিল। আজ সকালে করা রিপিট সিটি স্ক্যানে দেখা গেছে, তার ব্রেইনের সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে ব্রেইন স্টেমে যে ইনজুরি ছিল, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ব্রেইনে ইসকেমিয়া বা অক্সিজেন স্বল্পতার লক্ষণ আরও স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।
চিকিৎসকরা জানান, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের অংশ হিসেবে তাকে ছয় ব্যাগ রক্ত ও পাঁচ ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়েছে। এর ফলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) পরিস্থিতি তৈরি হলেও বর্তমানে তা ম্যানেজেবল পর্যায়ে রয়েছে। তবে এর প্রভাবে ব্রেইনের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে থাকার চিত্র সিটি স্ক্যানে ধরা পড়েছে।
এছাড়া যে পাশে অপারেশন করা হয়েছে, সেই পাশের ব্রেইনে চাপ সৃষ্টি হয়ে অন্য দিকে সামান্য সরে যাওয়ার লক্ষণও লক্ষ্য করা গেছে।
ব্রেইনের পাশাপাশি তার কিডনির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপারেশনের আগে ও চলাকালীন সময়ে কিডনি ফাংশন খুব একটা ভালো না থাকলেও বর্তমানে ইউরিন আউটপুট সন্তোষজনক রয়েছে এবং ফ্লুইড ব্যালেন্স অনুযায়ী কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে।
লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার ফুসফুসের অবস্থারও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ড্রেনে কিছু কালেকশন থাকায় ড্রেন টিউব অপরিবর্তিতভাবে রাখা হয়েছে। অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও লাইফ সাপোর্টের মাধ্যমে সচল রাখা হচ্ছে।
মেডিকেল বোর্ডের পক্ষ থেকে দেশবাসীর কাছে উসমান হাদির সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।