স্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা–১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নির্বাচন নয়, এটি রাষ্ট্র বিনির্মাণের ভোট। রাষ্ট্র আজ সংকটে রয়েছে এবং এই সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন জরুরি, যা বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকায় পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা চলাকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, বিএনপি সারা বাংলাদেশে ভোটারদের জন্য নতুন রাজনীতির অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে। এর লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন এনে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের ভোটে রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে চায়। এ ক্ষেত্রে তরুণদের ভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
এলাকার সমস্যা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি এলাকাবাসীর নানা সমস্যা চিহ্নিত করেছেন। সুযোগ পেলে পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান। তিনি দাবি করেন, প্রায় ৩৫ বছরের নিবিড় সম্পর্কের কারণে জনগণ তাকে বিশ্বাস করে এবং তারা জানে তিনি তাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা ও সক্ষমতা রাখেন।
নিউমার্কেট এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ কিছু সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। তবে একটি নির্বাচিত সরকার গঠন হলে এবং দায়িত্ব পেলে স্বল্প সময়ের মধ্যেই এসব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, ঢাকা–১০ আসনের ভোটাররা জানে তাদের সমস্যা তিনি ধারণ করেন এবং যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারেন। প্রায় ৩৫ বছর ধরে ঝুঁকি নিয়ে জনগণের পাশে থাকার কারণে তারা তাকে পরীক্ষিত ও বিশ্বস্ত মনে করে।
শেখ রবিউল আলম বলেন, তার বিশ্বাস জনগণ স্বতঃস্ফূর্তভাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিয়ে রায়ের মাধ্যমে বিএনপি ও তাকে তাদের পাশে থাকার সুযোগ করে দেবে। জনগণের হয়ে জবাবদিহিতার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি নিউমার্কেট এলাকার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান।





