স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, “আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি—তিনি যেন দ্রুত তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”
তিনি জানান, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন, যা চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং অন্যান্য রোগীদের চলাচল ও চিকিৎসায় সমস্যা তৈরি করছে।
রিজভী বলেন, “আপনারা আবেগ থেকে তার প্রতি ভালোবাসা দেখাতে হাসপাতালে যাচ্ছেন—এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড়ের কারণে চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে। তাই অনুরোধ করছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই দেশনেত্রীর জন্য দোয়া করুন।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।





