স্টাফ রিপোর্টার, ১৭ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখে তিনি দেশে ফিরবেন। তবে ওই দিন দলের নেতাকর্মীদের কেউ যেন এয়ারপোর্টে না যান—এমন স্পষ্ট অনুরোধ জানিয়েছেন তিনি।
লন্ডনে দেওয়া এক বক্তব্যে তারেক রহমান বলেন, এয়ারপোর্টে নেতাকর্মীদের উপস্থিতিতে হট্টগোল সৃষ্টি হতে পারে, যা দেশের ভাবমূর্তি ও দলের সুনামের জন্য ক্ষতিকর হবে। তিনি বলেন, যারা তার এই অনুরোধ রক্ষা করবেন এবং সেদিন এয়ারপোর্টে যাবেন না, তিনি ধরে নেবেন তারা দল ও দেশের সম্মানের প্রতি দায়িত্বশীল।
তিনি আরও বলেন, তার অনুরোধ ও নিষেধাজ্ঞা অমান্য করে যারা এয়ারপোর্টে যাবেন, তিনি বাধ্য হয়ে ধরে নেবেন তারা ব্যক্তিগত স্বার্থে সেখানে উপস্থিত হয়েছেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান। অতীতে ১৯৭১, ১৯৭৫, ১৯৮১ এবং ১৯৯৬ সালে যারা ষড়যন্ত্র করেছিল, তারা বিভিন্ন সময়ে পরাজিত হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের তৎপরতা এখনও থেমে নেই।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। দলের প্রতিটি স্তরের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব হলো—বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সচেতন থাকা, সজাগ ও সতর্ক থাকা এবং দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন করা।





