ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান আবদুস সালামের

জাতীয় দিবস সার্বজনীনভাবে পালনের ওপর জোর

স্টাফ রিপোর্টার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, জাতীয় দিবসগুলো সার্বজনীনভাবে পালনের মাধ্যমে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ভাষা, সংস্কৃতি ও কৃষ্টির বিকাশ নিশ্চিত করতে মুক্ত পরিবেশে জাতীয় দিবস পালন জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার ভোরে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, গত ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধ, শহীদ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসকে দলীয়করণ করা হয়েছিল। ফলে ভাষা, সংস্কৃতি ও কৃষ্টি যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল, সেভাবে বিকশিত হতে পারেনি এবং সার্বজনীন রূপ পায়নি।

তিনি বলেন, জাতীয় দিবসগুলো সবার জন্য উন্মুক্ত ও সার্বজনীন হওয়া উচিত। মুক্ত পরিবেশে যেমন একুশে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে, তেমনিভাবে জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তি নিয়ে দেশ গঠনে এগিয়ে যাওয়াই একুশের মূল চেতনা।

আবদুস সালাম আরও বলেন, জাতি যেমন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণ করে, তেমনি ১৯৯০ ও ২০২৪ সালের শহীদদেরও ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। দেশের সব দল, মত ও পথের মানুষ ঐক্যবদ্ধভাবে আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ অনেকে।