“ওয়ান-টাইম পাসেই দেশে ফিরতে পারবেন তারেক রহমান, সিদ্ধান্ত তাঁরই—পররাষ্ট্র উপদেষ্টা”

অন্তর্বর্তী সরকারের সীমিত দায়িত্ব, তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে স্পষ্ট ব্যাখ্যা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সরকারের কার্যক্রমে বড় কোনো পরিবর্তন হয়নি, বরং চলমান কাজের ধারাবাহিকতা বজায় রেখে ছোটখাটো সমস্যা থাকলে সেগুলো সংশোধনের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে—এটা নিশ্চিত। যে দুই-আড়াই মাস সময় আছে, এর মধ্যে বড় কোনো পরিবর্তনের প্রত্যাশা করছি না। আমরা কেবল একটি ভিত্তি তৈরি করে দিচ্ছি, যার ওপর ভবিষ্যৎ সরকার পলিসি নির্ধারণ করতে সুবিধা পাবে।”
তিনি স্পষ্ট জানান যে অন্তর্বর্তী সরকার হিসেবে বড় সিদ্ধান্ত নেওয়া তাদের দায়িত্ব নয়; বড় সিদ্ধান্ত হলে তা পরবর্তী সরকারকেই নিতে হবে।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “অবসোলিউটলি নো। আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং এ বিষয়ে কোনো আগ্রহ নেই।” তিনি আরও জানান, এখন পর্যন্ত শুধু আস মোহাম্মদ সজিব ভুইয়া নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। অন্যদের বিষয়ে মন্তব্য করার এখতিয়ার তার নেই বলেও উল্লেখ করেন।
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “তিনি চাইলে দেশে আসতে কোনো বাধা নেই। পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে একবার দেশে আসার জন্য ওয়ান টাইম পাস দেওয়া হয়। এটা দিতে একদিনই লাগে। তিনি আজ বললে আগামীকাল পাস পাবেন এবং পরশুদিন দেশে ফিরতে পারবেন। বিষয়টি সম্পূর্ণ তার ইচ্ছার ওপর নির্ভর করে।”
খালেদা জিয়ার বিষয়ে তৌহিদ হোসেন জানান, তিনি বর্তমানে অসুস্থ এবং এ মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেই বিদেশে চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করছে।
বুড়িমারী স্থলবন্দর নিয়ে একটি প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তার খুব বিস্তারিত জানা নেই। তবে এটি টেকনিক্যাল কোনো সমস্যার কারণে হয়ে থাকতে পারে। তিনি আশ্বস্ত করেন, “এটি সমাধান করা হবে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।”
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা গণমাধ্যমকে জানিয়েছেন।