ওয়ার্ডভিত্তিক মতামত নিয়ে উন্নয়ন, গ্যাস সংকট সমাধানে উদ্যোগ: হাবিবুর রশিদ হাবিব

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সন্ত্রাস ও চাঁদাবাজিতে জিরো টলারেন্স; প্রতিদ্বন্দ্বীদের নিয়েও কাজের ঘোষণা

স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি

আমি এই এলাকার সন্তান, এখানে বড় হয়েছি। তাই এলাকার সমস্যা আমার নিজের সমস্যা বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত জনপ্রতিনিধি হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, নাগরিক সুবিধা থেকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত। এসব সমস্যা সমাধানে ওয়ার্ডভিত্তিক বৈঠক করে স্থানীয়দের মতামত নেওয়া হবে। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

গ্যাস সংকট প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, এটি শুধু স্থানীয় সমস্যা নয়, একটি জাতীয় ইস্যু। নির্বাচনের আগে দলের চেয়ারম্যানও জনসভায় এ বিষয়ে কথা বলেছেন। জাতীয় পর্যায়ে সমাধান প্রয়োজন হলেও স্থানীয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার কারণ নির্ধারণের চেষ্টা করা হবে। এলাকার মানুষ কেন কম গ্যাস পাচ্ছেন, তা চিহ্নিত করে সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা তার প্রতিপক্ষ নন, বরং সহযোদ্ধা। সবাই এলাকার উন্নয়ন চান। প্রায় পাঁচ দশক ধরে এলাকায় বসবাস এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও সেবার স্বার্থে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চান।

নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনকালীন ও পরবর্তী সময়ে রাজনৈতিক দল ও নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল এবং তা ধরে রাখতে কাজ করা হবে।

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে হাবিব বলেন, এ বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। একটি উন্নয়নমুখী, মানবিক, নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও গণতান্ত্রিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে এবং নিজেদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তার মতে, সার্বিকভাবে নির্বাচন দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য হয়েছে।