স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
শহরের গুরুত্বপূর্ণ এলাকা কলাতলীতে একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাস্থলটি কলাতলীর ডলফিন মোড় সংলগ্ন পাহাড়ের ওপর, মহাসড়কের পাশে অবস্থিত একটি নতুন উদ্বোধন হওয়া এলপিজি গ্যাস পাম্প। স্থানীয়দের দাবি, আগের দিনই পাম্পটির উদ্বোধন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফায় ফায়ার সার্ভিস এসে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনে। তবে রাত আটটার পর বিকট শব্দে আবারও বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদেরকে -এ ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, পাঁচটি ইউনিট চারদিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে গ্যাস পাম্প হওয়ায় আগুনের তীব্রতা বেশি এবং দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং আশপাশের বসতি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
স্থানীয়দের আশঙ্কা, গ্যাস পাম্প এলাকায় আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি প্রশাসন।





