কর্মসংস্থান ও মাদক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

ধানের শীষে ভোট দিলে এলাকার ও দেশের সমস্যার সমাধান সম্ভব হবে বলে উত্তরার সমাবেশে বক্তব্য

স্টাফ রিপোর্টা,২৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৬–১৭ বছরে মানুষ শুধু বড় বড় গল্প শুনেছে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়নি। কর্মসংস্থানের অভাব ও মাদক সমস্যা আজ দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উত্তরায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে লক্ষ লক্ষ শিক্ষিত, অল্পশিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণ-যুবক রয়েছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এই বাস্তবতা থেকে বের হতে হলে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

তারেক রহমান বলেন, একটি বড় সমস্যা হলো মাদক। এই এলাকায় যেমন মাদকের ভয়াবহ প্রভাব রয়েছে, তেমনি সারা বাংলাদেশেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে এবং এখনো অনেক পরিবার ধ্বংসের পথে রয়েছে। যেকোনো মূল্যে এই সমস্যা থেকে মানুষকে উদ্ধার করতে হবে।

তিনি বলেন, যদি আমরা তরুণ ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি, তাহলে ধীরে ধীরে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কাজ অনেক, চ্যালেঞ্জও অনেক। তবে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে এবং গণতন্ত্রকে সুসংহত করা যায়, তাহলে ধাপে ধাপে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যাবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে যেমন উত্তরার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রেখেছিল, ঠিক একইভাবে যদি দেশের গণতান্ত্রিক মানুষ একত্রিত থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশকে এই সংকটগুলো থেকে বের করে আনা সম্ভব হবে।

সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, তিনি যে পরিকল্পনা ও কাজগুলো এলাকার মানুষসহ দেশের মানুষের জন্য করতে চান, তা বাস্তবায়নে জনগণের সমর্থন অপরিহার্য। জনগণের সমর্থন ছাড়া এই কাজগুলো করা সম্ভব নয়।

তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে। আর হাত শক্তিশালী হলে ইনশাআল্লাহ এলাকার সমস্যা ও মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে।