স্টাফ রিপোর্টার, ১৫ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সকলের অংশগ্রহণে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী । তিনি বলেন, আগামী বাংলাদেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের গোরানে কাইউম জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে। আগামী বাংলাদেশের জন্য, দেশের কল্যাণ ও এলাকার উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভালো যেকোনো উদ্যোগের সঙ্গেই তিনি থাকবেন। একই সঙ্গে সমাজে অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও মুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলা, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি থাকবে না। আমরা চাই মানুষ মুক্তভাবে বাঁচুক এবং সমাজে সবার নিরাপত্তা নিশ্চিত হোক।”
অতীতে এলাকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও স্নেহের কথা স্মরণ করে হাবিব বলেন, ভবিষ্যতেও তিনি জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন। অনুষ্ঠানের শেষাংশে তিনি সবার জন্য দোয়া কামনা করে বলেন, সবাই যেন ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারে এবং আল্লাহ তাআলা যেন সকলকে সহায় হন—এই প্রার্থনাই তিনি করেন।





