কল্যাণ রাষ্ট্র গঠনের প্রথম পদক্ষেপ ‘ফ্যামিলি কার্ড’: আমীর খসরু মাহমুদ চৌধুরী

হতদরিদ্র থেকে মধ্যবিত্ত সবার কাছে পৌঁছাবে সরকারি সহায়তা

স্টাফ রিপোর্টার, ১০ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। এই কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত—সবার কাছেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, সরকার এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চায় যেখানে পিছিয়ে পড়া মানুষের কল্যাণই হবে প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সঠিক নেতৃত্ব ও সদিচ্ছা থাকলে স্বল্প সময়ের মধ্যেই বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে সাধারণত কোনো প্রকল্প বছরের পর বছরেও বাস্তবায়ন করা যায় না। কিন্তু দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনা এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া।