কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, কূটনৈতিক মিশন স্থাপনে একমত বাংলাদেশ

ঢাকা ও আস্তানায় স্থায়ী মিশন প্রতিষ্ঠা, বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ২৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওলজাস বেকতেনভ।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে World Economic Forum-এর ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানা-য় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।

দুই নেতা রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন এবং এ খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া পানি কূটনীতি (ওয়াটার ডিপ্লোম্যাসি) বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান, হুমায়ুন কবির এবং আতিকুর রহমান রুমন।