কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে : শিক্ষামন্ত্রী

পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন ও শিক্ষক পদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে

স্টাফ রিপোর্টার, | ৩১ আগস্ট ২০২৬,নিউজ চ্যানেল বিডি

দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ‘চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে’ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল-কলেজগুলোতে শিক্ষকের ঘাটতি এবং পুরোনো যন্ত্রপাতির বিষয়ে এক সাংবাদিকের দৃষ্টি আকর্ষণের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে কারিগরি ও সাধারণ শিক্ষায় শিক্ষক সংকট তীব্র হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনীয় বিপুলসংখ্যক শিক্ষক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগছে। তবে অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষক পদ পূরণ ও ল্যাব আধুনিকায়নের বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিগরিতে শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না; ল্যাব, কারিকুলাম ও শিক্ষকের একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। চীনের সফরের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, কীভাবে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মেলবন্ধন ঘটিয়ে আধুনিক ল্যাব ও দক্ষ জনবল তৈরি করা যায়।’

তিনি বলেন, ‘আমরা সেই মডেলেই ল্যাব, টেক্সটাইল ও টেকনিক্যাল ইকুইপমেন্ট আধুনিকায়ন করব।’

ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে বৈশ্বিক চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়িয়েছেন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে (টিভিইটি) লাইফলাইন হিসেবে গ্রহণ করেছেন।

বৈশ্বিক শ্রমবাজার এবং দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলতে টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি তৃতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, চীনা, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষার মতো তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজারে আরও বেশি দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করতে পারবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।