✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

“কুমিল্লা বিভাগের দাবি জনগণের হলে বাস্তবায়ন হবে, কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েও উদ্যোগ”: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লার জনসভায় বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আশ্বাস

স্টাফ রিপোর্টার, ১৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লাকে বিভাগ এবং কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। কুমিল্লার এক জনসভায় তিনি বলেন, জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সভাস্থলে আসার সময় তিনি বিভিন্ন স্থানে “কি চাই, কুমিল্লা বিভাগ চাই” স্লোগান শুনেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ সেটির বাস্তবায়ন হবে।”

এসময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে বক্তব্যকে স্বাগত জানান।

কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কুমিল্লাসহ আশপাশের জেলাগুলো কৃষিনির্ভর এলাকা এবং এসব অঞ্চল থেকে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদন ও বিদেশে রপ্তানি হয়। কৃষির সম্ভাবনা বিবেচনায় নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব এবং সবকিছু বিবেচনা করে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই বিষয়টি বাস্তবায়নের।”

তবে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিনের স্বৈরাচার ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা চাপে রয়েছে। তাই জনগণের সব দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও আস্থার কারণেই বিএনপি সরকার দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।