কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না, অর্থনীতি আরও সচল হবে: প্রধানমন্ত্রী

ধাপে ধাপে কর্মসূচি সম্প্রসারণ, বাড়বে বাজেট বরাদ্দ; প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের আশাবাদ

স্টাফ রিপোর্টার | ১ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি সৃষ্টি হবে না; বরং অর্থনীতি আরও গতিশীল হবে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আকতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, কতজন মানুষের কাছে এসব কার্ড পৌঁছানো হবে, সম্ভাব্য বাজেট কত এবং মূল্যস্ফীতির প্রভাব কেমন হতে পারে—এসব বিষয় ধাপে ধাপে নির্ধারণ করা হবে। তিনি জানান, একবারে সবার কাছে এই সুবিধা পৌঁছানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রতি মাসে কর্মসূচির আওতা বাড়ানো হবে। এতে ধীরে ধীরে অধিকসংখ্যক নারী ফ্যামিলি কার্ড এবং পুরুষ কৃষক কার্ডের আওতায় আসবেন। প্রতিবছর বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে এবং এটি অগ্রাধিকার পাবে।

মূল্যস্ফীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না, তাই মূল্যস্ফীতি হওয়ার প্রশ্নই আসে না।” তিনি উল্লেখ করেন, এই অর্থ প্রান্তিক কৃষক ও নারীরা দেশের অভ্যন্তরেই ব্যয় করবেন, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।

তিনি বলেন, একজন নারী এই অর্থ দিয়ে সন্তানের পড়াশোনা, পরিবারের খাদ্যব্যবস্থা কিংবা ছোট কোনো ব্যবসা শুরু করতে পারেন। এতে বাজারে অর্থের প্রবাহ বাড়বে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, স্থানীয় দোকান থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে দোকানির বিক্রি বাড়বে, আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ স্থানীয় শিল্পের পণ্য ব্যবহার করে। ফলে এই উদ্যোগ স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করবে।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বল্পমেয়াদে বড় পরিবর্তন না এলেও আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।