স্টাফ রিপোর্টার,৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ঘিরে কেন্দ্র দখল ও সহিংসতা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হচ্ছে, পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যাম সরবরাহ করা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
উপদেষ্টা বলেন, নির্বাচন সুরক্ষা অ্যাপও সক্রিয় রাখা হয়েছে। কেউ কোনো ধরনের অনিয়ম বা দখলের চেষ্টা করলে তার ছবি ও তথ্য সংরক্ষিত থাকবে। তিনদিন, চারদিন বা ছয় মাস পর জামিনে বের হলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হবে। তিনি স্পষ্টভাবে বলেন, অপরাধী ভাই হোক বা বোন, কাউকে ছাড় দেওয়া হবে না।
অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি স্বীকার করেন, বিভিন্ন থানা থেকে চুরি বা ছিনতাই হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ইতোমধ্যে উদ্ধার হয়েছে এবং উদ্ধারের হার বেড়েছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
ঝিনাইদহে সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। যারা দায়ী, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অনেক সময় ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়, তাই গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। তবে শেষ পর্যন্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।





