কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি গ্রহণ করা হবে না: ডা. জাহিদ

ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টন হবে স্বচ্ছ ও সমভাবে, যোগ্যতার ভিত্তিতেই চাকরি—বলেন বিএনপি নেতা

Posted by:

on

নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি │ দিনাজপুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সব কিছু হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক। কোনো অবস্থাতেই দুর্নীতি, স্বজনপ্রীতি বা লুকোচুরি গ্রহণ করা হবে না। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সকলের মধ্যে সমভাবে বণ্টন করা হবে।

বৃহস্পতিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত পুলিশ ও সামরিক কর্মকর্তা, সুধীজন, গুণীজন ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ বলেন, “কোনো অবস্থাতেই কারো প্রতি বিদ্বেষমূলক আচরণ করা যাবে না। আমরা চাই উন্নয়ন ও অগ্রগতি হোক সকল মানুষের অংশগ্রহণে এবং সমভাবে বণ্টনের মাধ্যমে। কেউ বিশেষ সম্পর্কের কারণে বেশি সুবিধা পাবে—এমনটা হবে না। যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতেই সুবিধা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের অর্থের বিনিময়ে চাকরি হবে না। শুধুমাত্র যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। অতীতের অন্যায়-অবিচার পর্যালোচনা করা হবে এবং যারা বঞ্চিত হয়েছেন, তারা প্রাপ্য অধিকার পাবেন।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “বিএনপি মানুষের পাশে থাকবে। আমরা জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে যদি আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পাই, তবে প্রতিশ্রুতি দিচ্ছি—জনগণের পাশে থেকেই তাদের সমস্যা সমাধানে কাজ করব। সব কিছু হবে একদম ট্রান্সপারেন্ট।”

তিনি আরও যোগ করেন, “আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার ব্যবস্থা করা হবে, কিন্তু চুরি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। উন্নয়ন হবে সমভাবে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্য গড়ে ওঠে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।