ঢাকা: আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
জানাজা ও দাফন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার নির্দেশনায় সব আয়োজন সুচারুভাবে সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ উপলক্ষে আজ প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ ভবন এলাকায় একাধিক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সার্বিক নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও জরুরি সেবার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, জাতীয় এ নেত্রীর জানাজায় দেশের সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।





