স্টাফ রিপোর্টার, ১৬ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’ এর উদ্বোধন করবেন।
এই কর্মসূচি উপলক্ষে আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যাবেন প্রধানমন্ত্রী।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। দিনাজপুরের কাহারোলে খালপাড় এলাকাকে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচি ঘিরে উৎসাহ ও আশাবাদ দেখা দিয়েছে।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, শুকনো মৌসুমে সেচের সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পর্যায়ক্রমে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি জমিতে সেচ সহজ হবে এবং জলাবদ্ধতা কমবে। এতে দেশের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।





