স্টাফ রিপোর্টার | ১৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ঐতিহাসিক খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন।
শনিবার দুপুরে তিনি শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখননস্থলে পৌঁছে ফলক উন্মোচনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী খালের পাড়ে নেমে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন। পরে তিনি খালের পাড়ে একটি বৃক্ষও রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা সদস্য সচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া এবং সহ-সভাপতি আবু ইউসুফ রুপম।
জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে খোর্দ্দ খালটি খনন করেছিলেন। প্রায় ৪৮ বছর পর তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল পুনঃখননের উদ্যোগ নিলেন।
পুনঃখনন কাজের উদ্বোধন শেষে পাশের একটি মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় খালের দুই পাশে জড়ো হওয়া কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক তুমুল স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
পরে প্রধানমন্ত্রী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্বখাল’ পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বিশ্বখালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ খাল।





