গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র গঠনে কাজ করে যাবে সরকার: ইশরাক হোসেন

ভাষা আন্দোলনের চেতনায় সমঅধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মুক্ত ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সবার সমান অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই সেই লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

শনিবার ২১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াই ছিল দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। গত ১৭ বছরে নির্বাচন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে দুর্বল করা হয়েছে এবং এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকেও আঘাত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে এবং জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাবে। অঞ্চল ও পেশাভেদে মানুষের চাহিদা ভিন্ন হলেও সবার অধিকার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। সেই চেতনার মূল ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব মানুষের সমান নাগরিক অধিকার প্রতিষ্ঠা।

বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ অনেকে।