গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

সংসদ সদস্যদের জবাবদিহিতা ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক ধারণার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার | ৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং দায়িত্ব বাস্তবায়নের একটি কার্যকর হাতিয়ার। প্রস্তাব উত্থাপন, বিল পর্যালোচনা এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য কার্যপ্রণালী বিধি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক।

তিনি আরও বলেন, সংসদের প্রধান তিনটি দায়িত্ব হলো আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা। নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে এসব দায়িত্ব বাস্তবায়িত হয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ শুধু রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয় না; বরং সরকারি ও বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণ এবং কার্যপ্রণালী বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে জনসম্পৃক্ততা ও কার্যকর আইন প্রণয়ন নিশ্চিত করা হয়।

সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও সুইজারল্যান্ডের সহায়তায় পরিচালিত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ কর্মসূচির ভূমিকাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, এ উদ্যোগ সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে জনপ্রত্যাশা পূরণে সহায়তা করছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং জনগণের প্রতি তাদের জবাবদিহিতা রয়েছে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার জনগণের সমস্যা সমাধানের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।

বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। তাই সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও টেকসই গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যেই সংসদের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন সাধারণ ও সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংসদীয় কার্যক্রম, সংবিধান ও কার্যপ্রণালী বিধি সম্পর্কে তাদের ধারণা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।