গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন

১৮০ দিনে সরকারের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র

স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম, অর্জন ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের ক্ষমতা নিশ্চিত হয়েছে। জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে। সরকারের ১৮০ দিনের পথচলায় জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯-দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, বিএনপির ২৭-দফা ও যুগপৎ আন্দোলনের ৩১-দফার আলোকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লাখ কৃষক পরিবারের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা এবং দেশজুড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও পুনরুজ্জীবিত করা হয়েছে।

রমজান ও ঈদে কৃত্রিম সিন্ডিকেট প্রতিরোধের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পাওনা পরিশোধে সম্প্রতি ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে বলে জানান মাহদী আমিন।

শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সংসদে রেকর্ড সংখ্যক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সন্ত্রাসবিরোধী সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে স্বৈরাচারী রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা পাঠ্যক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ফ্রি ওয়াই-ফাই সুবিধা এবং শিক্ষার্থীদের সংসদে উপস্থিতির সুযোগসহ ক্রীড়া ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় ২০০টি ইলেকট্রিক বাস এবং এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন আলোচিত মামলার দৃশ্যমান অগ্রগতির পাশাপাশি শেখ হাসিনার প্রত্যাবর্তনের আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে সরকার মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।