স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০২৫, বুধবার | নিউজ চ্যানেল বিডি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাই পুরো জুলাই সনদের আওতাভুক্ত। যদি গণভোটের আগেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকেও জুলাই সনদের আইন অনুযায়ী বা ঐকমত্য অনুযায়ী পুনর্গঠন করতে হবে। ফলে যারা এখন তত্ত্বাবধায়ক সরকার দাবি করছেন, তারা আসলে কোন উদ্দেশ্যে বলছেন, সেটা সন্দেহজনক।”
বিকাল ৫টার পর অনুষ্ঠিত বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন সারজিস আলম, সামান্থা শারমিন ও খালিদ সাইফুল্লাহ।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, “আমাদের নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে প্রতীক বরাদ্দ পর্যন্ত নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক। ইশরাক হোসেনের মামলায়ও তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি—নির্বাচন কমিশনের কার্যক্রম জনগণের আস্থা হারিয়েছে।”
তিনি আরও বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন যদি না হয়, এর দায় সরকারের উপরই আসবে। তাই আমরা মনে করি, নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া অত্যন্ত জরুরি।”





