স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০২৫, বুধবার | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের দাবি তুলে বিএনপি অযথা জটিলতা তৈরি করছে।
তিনি বলেন, “যদি নভেম্বরে গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে।”
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা রফিকুল ইসলাম খান।
এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।





