ঢাকা │ শুক্রবার │ নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি
জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা-পূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে হবে—এটাই বিএনপির অবস্থান।”
তিনি আরও বলেন, “দুটি ভোট আলাদা করে নিতে গেলে সরকারের অনেক টাকা খরচ হবে। যারা নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে, তারা আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়েছি—গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তা না হলে দেশের জনগণ সেটি মানবে না।”
সমাবেশ শেষে বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলামোটর হয়ে কারওয়ানবাজার মোড়ে এসে শেষ হয়।






