গণভোটে হ্যাঁ ভোট ও হত্যার বিচারই আমাদের প্রধান এজেন্ডা: এনসিপি নেতা নাহিদ ইসলাম

ঢাকা–৮ আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর পক্ষে মার্চ ফর জাস্টিস ও নির্বাচনী পদযাত্রা ঘোষণা

স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

গণভোটে সারা দেশের মানুষকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখতে হবে। পাশাপাশি শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি ও এজেন্ডা।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নির্বাচনের আগেই চার্জশিটসহ সব আইনগত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ইনশাআল্লাহ, এই বাংলার মাটিতেই হত্যার সুষ্ঠু বিচার আদায় করা হবে।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা–৮ এলাকায় নির্বাচনী পদযাত্রা শুরু করা হয়েছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিরউদ্দিন পাটোয়ারী।

তিনি দাবি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকাবাসীর মনের কথা, স্বপ্ন, কষ্ট ও দুর্দশার কথা তুলে ধরছেন। দীর্ঘদিন ধরে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের ভয়ে এই এলাকার মানুষ মুখ খুলতে পারেনি। নতুন করে গড়ে ওঠা মাফিয়া ও তথাকথিত নতুন জমিদারদের বিরুদ্ধে তিনি সাহসের সঙ্গে কথা বলছেন এবং ভোট চাইছেন।

এনসিপি নেতা জানান, আজ ঢাকা–৮ এলাকায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির মাধ্যমে এলাকা প্রদক্ষিণ করা হবে। পাশাপাশি তিন নেতার মাজারে কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি সারা দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করতে হবে। জাতীয় নাগরিক পার্টির সারাদেশে থাকা ৩০ জন প্রার্থীকে শাপলা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। সংসদে গিয়ে এনসিপি ও ১০ দলীয় ঐক্যজোট সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থান, সংস্কার ও সার্বভৌমত্বের প্রশ্ন তুলে ধরবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের অগ্রযাত্রা এগিয়ে নিতে হলে ১০ দলীয় ঐক্যজোটের বিজয়ের কোনো বিকল্প নেই। গণভোটে হ্যাঁ বলুন, শাপলা প্রতীকে ভোট দিন। জিতবে এবার শাপলা।

বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাহিদ ইসলাম।