গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের কূটনীতিকদের সঙ্গে পৃথক বৈঠকে সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা চাইল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | ২১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে পৃথক এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে। তিনি এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফিস অব কমিউনিকেশনস’ (অফকম)-এর অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘অফকমের অভিজ্ঞতা বাংলাদেশে গণমাধ্যম খাতে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি অফকমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।

অন্যদিকে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলিও তথ্যমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপন বলেন, সরকার একদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে, অন্যদিকে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতেও গুরুত্ব দিচ্ছে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তেমনি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জও তৈরি করেছে।

তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।