স্টাফ রিপোর্টার | ২০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না।
আজ রাজধানীর গুলশান-এর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি আয়োজন করা হয় -এর সহায়তায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
‘পিআইএমএইচই’ প্রকল্পের আওতায় “নীতি সংস্কার থেকে সংবাদকক্ষের কর্মপদ্ধতি পর্যন্ত শিক্ষা ও আদান-প্রদান” শীর্ষক মূল বিষয়ের ওপর সেমিনারে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি সরকার প্রধানের সঙ্গে সংবাদপত্রের মালিক সমিতি ও সম্পাদক পরিষদের জ্যেষ্ঠ নেতাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ পর্যন্ত গণমাধ্যম কমিশন ও তথ্য কমিশন সংক্রান্ত যেসব কাজ, প্রস্তাবনা ও নথিপত্র তৈরি হয়েছে, সেগুলো ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।
তিনি জানান, এসব নথি পর্যালোচনা করে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে। পরে ওই কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট অংশীজন, গণমাধ্যম সংগঠন ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে আবারও আলোচনা করা হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যম জগৎটা কেবল সরকারের একার নয়, এটি সবার একটি সম্মিলিত ক্ষেত্র। সরকার এখানে অংশীদার হিসেবে যেমন থাকবে, তেমনি রাষ্ট্রের পক্ষ থেকে একটি ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে মাত্র।”
তিনি আরও বলেন, আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় এবং জনগণের পক্ষ থেকে গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সেমিনারে উপস্থিত আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে গণমাধ্যম কমিশন গঠনের নানা সফল অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশের এই রূপান্তর প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানগুলো সরকারের সহযাত্রী হিসেবে কাজ করবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-এর চেয়ারম্যান ও যমুনা টেলিভিশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।





