স্টাফ রিপোর্টার | ৭ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না; বরং একটি সুষ্ঠু, স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে আনতে চায়।
আজ সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা–এ অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা সম্ভব নয়। তাই অংশীজনদের স্বার্থ সংরক্ষণ করে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন সময়ের দাবি।
তিনি বলেন, “আমরা একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছি। দেশে-বিদেশে এ নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। জনগণের এই গণতান্ত্রিক ম্যান্ডেটের কারণেই আমরা সার্বক্ষণিকভাবে জনগণের কাছে দায়বদ্ধ।”
গণমাধ্যম শিল্পে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন বা কর্তৃত্ব করতে চায় না; বরং অংশীদার হিসেবে সহায়ক ভূমিকা পালন করতে চায়। তিনি বলেন, “সভ্য দেশগুলোতে তথ্য মন্ত্রণালয় নয়, স্বাধীন কমিশনের মাধ্যমেই এ ধরনের বিষয় পরিচালিত হয়। আমরাও সেই পথেই এগোচ্ছি।”
বর্তমানে পত্রিকার সার্কুলেশন কিংবা টেলিভিশনের দর্শকসংখ্যা নিয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, সরকার তিন ধাপে কাজ করছে— যৌথ স্টাডি, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে নতুন নীতিমালা ও রোডম্যাপ তৈরি।
তিনি বলেন, এর ফলে বিজ্ঞাপনের হার নির্ধারণ ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে।
ডিজিটাল বিশ্বের ঝুঁকি প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির অগ্রগতির কারণে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়েছে। বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে সমন্বিত নীতিমালা বা বোঝাপড়া তৈরি না হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়া কোয়াবের সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, এক্সপোর আহ্বায়ক নিজাম উদ্দিন মাসুদ এবং ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।




